Ticker

6/recent/ticker-posts

আমার ছোটোবেলা || আশাপূর্ণা দেবী || আলোচনা || প্রশ্ন ও উত্তর || নবম শ্রেণী || সাহিত্য সম্ভার || বাংলা দ্বিতীয় ভাষা || WBBSE

“ তোমাদের একালের ছোটোদের তো দেখি মুখের বুলিই হচ্ছে, 'ধেৎ! ভাল্লাগছেনা।' কেন যে 'ভাল্লাগছে না' তা হয়তো তোমরা নিজেরাই জানো না। আসল কথা আশেপাশে কেবলই 'না ভালোলাগা' মূর্তি দেখে দেখেই এই অবস্থা। আমাদের ছেলেবেলায় বাপু আমাদের সবসময় খু-ব ভালো লাগত। 'ভাল্লাগেনা' শব্দটাই জানতাম না।  ”

Education Desk:

Haldibari 24 Ghonta





আমার ছোটোবেলা

-- আশাপূর্ণা দেবী

 

আমার ছেলেবেলা? সে কি আজকের কথা বাপু? কলকাতার রাস্তায় তখন পালকি চলত। ভাবো?

 

আহা, এখনো কোনো ঝিমঝিমে দুপুরে যখন ঘরের মধ্যে চুপচাপ শুয়ে থাকি। হঠাৎ হঠাৎ যেন কোন সুদূর থেকে পালকি বেহারাদের সেই হুকুম হাকুম হুকুম হাকুম আওয়াজ বুকের মধ্যে এসে ধাক্কা মেরে চলে যায়। আর তখন চোখ বুঝে ভাবতে ইচ্ছে করে, শব্দটা উত্তর কলকাতার একটা বারান্দাওয়ালা বাড়ির সামনে এসে থামল। আর 'ঘাগরা' পরা একটা ছোট্ট মেয়ে ছুটে বারান্দায় এসে মুখ ঝুঁকিয়ে দেখতে পেল, মাটিতে নামানো পালকি থেকে কৌশলে আগে একটা পা বার করে, তারপর হেঁট করা মুণ্ডুটা বার করে আর তারপরে সমস্ত শরীরটাকে নিয়ে বেরিয়ে এলেন বড়ো মাসিমা, কি মেজদিদিমা। ঝামাপুকুরের ভাবিনীপিসি, অথবা ফড়েপুকুরের নেত্যঠানদি। এঁরাই আসতেন। মাঝে মাঝেই।

 

একা একা। হ্যাঁ, তা এঁদের একা-আসায় ভয় ছিল না। কারণ এঁদের পরনে থান, গায়ে গহনার বালাই নেই, মাথা ন্যাড়া। কী করবে চোরডাকাত? আর একা আসতে হলে পালকি ছাড়া গতি কি? রিকশা তো আর ছিল না। রিকশার নামও শোনেনি তখন কলকাতা।

 

চোখ বুজলে দেখতে পাই-সুকৌশলে বেরিয়ে এলেন। মাটিতে দাঁড়ালেন, আঁচলের গিঠ খুলে ভাড়া মিটিয়ে দিলেন।

 

চার-চারটে গাঁট্টাগোট্টা পালকি বেহারা সোয়ারি নামিয়ে দিয়ে তেলচিটে গামছা দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে, চকচকে ছোট্ট একটা গোল 'দুয়ানি' নিয়ে হৃষ্টবদনে, ফের পালকি উঠিয়ে নিয়ে চলে গেল। স্রেফ একটা মাত্র দুয়ানি। এর ওপর যদি আবার কোনো দয়াবতী সোয়ারি বাড়তি একটি তামার পয়সা ছুড়ে দিয়ে বলতেন, 'অনেক ঘেমেছিস, নে জলপানি খেগে যা-' তাহলে সেই চারখানি মুখের আট পাটি দাঁত? আহা যেন রোদলাগা আয়নার মতো ঝলসে উঠত।

 

বড়ো 'অল্পে সন্তুষ্ট' কাল ছিল বাপু আমাদের ছেলেবেলার কালটি। 'লোকজন' অল্পে সন্তুষ্ট, ছেলেপুলে অল্পে সন্তুষ্ট, ধোবা-নাপিত, মুটে বেহারা গাড়োয়ান-সবই ওই।

 

ধোবাকে (মানে আমি যাকে দেখেছি তাকে) যদি দু'কুড়ি কাপড় জামার সঙ্গে, গোটা দশ-বারো ছোটো জামা-ফ্রক, পাঁচহাতি ধুতি, শাড়ি, ফাউ কাচতে দিয়ে, দুটো পয়সা 'জল খাস' বলে ফেলে দেওয়া হতো, আহ্লাদে বিগলিত হয়ে যেত সে। নাপিত? সে তো বড়োদের চুল ছাঁটার সময় দু'চারটে ছোটো মাথা অবলীলায় অক্লেশে 'ফাউ' বলে ধরে নিয়ে পুঁচিয়ে ছেঁটে দিয়ে চলে যেত। তবে তাদের ন্যাড়া করতে হলে অবশ্য নগদ একটা ডবল পয়সা দিতে হতো। সে পয়সা তোমরা নিশ্চয় চোখেও দেখনি? গোলগাল ভারীসারি একটি তামার চাকতি। 'ন্যাড়ামাথা রাজার' (সপ্তম এডোয়ার্ডের) মুখ আঁকা।

 

যাক-তোমরা হয়তো বলে বসবে ধোবা নাপিতের গল্প আবার কী শুনব? শোনালাম কেন জানো? শুধু ওই কথাটি বলতে, আমরা ছেলেবেলায় সন্তুষ্ট মুখের ছবিটা যে কেমন, তা দেখেছি। সে জিনিসটি যে কী, তোমরা দেখতে পাও? আশে পাশে, ধারে কাছে, আয়নার সামনে?

 

তোমাদের একালের ছোটোদের তো দেখি মুখের বুলিই হচ্ছে, 'ধেৎ! ভাল্লাগছেনা।' কেন যে 'ভাল্লাগছে না' তা হয়তো তোমরা নিজেরাই জানো না। আসল কথা আশেপাশে কেবলই 'না ভালোলাগা' মূর্তি দেখে দেখেই এই অবস্থা। আমাদের ছেলেবেলায় বাপু আমাদের সবসময় খু-ব ভালো লাগত। 'ভাল্লাগেনা' শব্দটাই জানতাম না। সকালবেলা উঠে শুধু শুধুই ভালো লাগছে সেই 'অকারণ ভালোলাগা'র সোনালি পাতাটি দিয়ে মোড়া আছে আমার ছেলেবেলা। অথচ দ্যাখো কীই-বা ছিল তখন? এ যুগের পক্ষে 'কিছুই না'। গ্রামগঞ্জের কথা বাদ দাও, এই খাস কলকাতা শহরের যা যা ছিল না, তা শুনলে তোমাদের চোখ গোল্লা হয়ে যাবে। খাস কলকাতারই মেয়ে তো আমি, এখানেই বড়ো হয়েছি। এখনো এখানে বসে বসেই বুড়ো হচ্ছি। আর দেখে চলেছি কতই পরিবর্তন।

 

তবু একথা তো স্বীকার করতেই হবে, সেই গৌরবের দিনেও কলকাতায় কী কী ছিল না তার তালিকা করতে বসলে, স্রেফ একখানা 'ছিল না'-র অভিধান হয়ে যাবে।

 

আমাদের ছেলেবেলায় শুধু যে রিকশাই ছিল না তা নয়, বাসও ছিল না। বাসের নামও জানা ছিল না। ভাবতে পারো? ছিল শুধু ট্রাম গাড়ি। আর ঘোড়ার গাড়ি। অবশ্য ঘোড়ার রকম রকম গাড়ি। ল্যান্ডো, ফিটন, ব্লুহাম, টমটম এবং ছ্যাকড়া।

 

মোটরগাড়ি এক-আধটা দেখা যেত বটে, সাহেব সুবোদের, কিংবা নেহাৎ বড়োলোকদের। হুডখোলা গাড়ি। হাওয়া গাড়িই বলা হতো বেশিরভাগ। ট্যাক্সি? কই?

 

আমাদের ছেলেবেলায় 'সার্বজনীন পুজো' ছিল না, মাইক ছিল না, টুনিবাল্ব ছিল না, পুজোর জন্য চাঁদা চেয়ে চেয়ে বেড়ানো ছিল না। ভদ্রবাড়ির মেয়েদের রাস্তায় বেরোনোর নিয়ম ছিল না। আকাশবাণী, হাওয়াই জাহাজ ছিল না। তা রিকশা গাড়িই যখন ছিল না, তখন কি আর এরোপ্লেন থাকবে? ছিল না। আমরা একটু বড়ো হবার পর উঠল। সে কী উৎসাহ উত্তেজনা। আকাশে সাড়া পেলেই ছুট ছুট ছাতে ছুট। এরোপ্লেনকে দেখে বিশ্বাস করতেই হলো মেঘনাদের মেঘের আড়ালে থেকে 'বিমান যুদ্ধ'টা নেহাৎ বানানো গল্প নয়। 'মেঘনাদ' মানে তো মেঘের গর্জন? তা এরোপ্লেনের গর্জনটা ঠিক তাই নয় কি?

 

এই ভাবতে খুব ভালো লাগত আমার। রামায়ণ-মহাভারতের গল্প তো সেই কোন ছোট্টবেলা থেকেই শুনতাম।

 

লোডশেডিং বলে যে একটা ভাষা সৃষ্টি হবে সেই ধারণাই কি ছিল? ঘরে ঘরে বিদ্যুৎ বাতি তো ছিল না। কাজেই বিদ্যুতজনিত যা কিছু তার সবই বাদ দিতে পারো নির্ভয়ে নিশ্চিন্তে।

 

বিজ্ঞানের অবিশ্বাস্য উন্নতি আর আরাম-সুবিধের যত কিছু উপকরণ সবই বিগত পঞ্চাশ-ষাট বছরের মধ্যেই ঘটেছে আর হয়েছে। কাজেই তোমাদের যা আছে তার সাত ভাগের এক ভাগও ছিল না আমাদের। কিন্তু তা বলে ভেবো না লোকের জাঁকজমক সমারোহ ছিল না। সে শুনলে আবার তোমরা হাঁ হয়ে যাবে। বর বিয়ে করতে যাবার সময় ফুল-সাজানো মোটরগাড়ি অবশ্য দেখতে পাওয়া যেত না। কিন্তু যা দেখা যেত সে কম নয়। রাস্তায় ব্যাগপাইপে ইংরেজি বাজনা, গোরার বাদ্যি'র রব উঠলেই ছোট জানলায় বারান্দায় ছাতে। কারণ এ হচ্ছে ঘটার বরযাত্রা।

 

আর ঘটার হলেই চার ঘোড়ার, আট ঘোড়ার, ষোলো ঘোড়ার, এমনকী বত্রিশ ঘোড়ার গাড়িও দেখা যেতে পারে। তার সঙ্গে ওই ইংরেজি বাজনা, আর অ্যাসিটিলিন গ্যাসবাতির আলোকসজ্জার শোভাযাত্রা। তেমন বেশি জাঁকজমক হলে, কাগজের তৈরি বৃহৎ বৃহৎ পুতুলের শোভাযাত্রা। হাতির সমান মাপে হাতি, ঘোড়ার মাপে ঘোড়া, উট প্রমাণ উট, তাছাড়া-দশমুণ্ড রাবণ, নাক কান কাটা সূর্পনখা, হাত-পা ছড়ানো তাড়কা রাক্ষুসী। আবার রামসীতা, রাধাকৃষ্ণ, হরপার্বতী এসবও থাকত।

 

ওইসবের মধ্যে দিয়ে কপালে জরির ঝালর ঝোলানো ঘোড়ারা যখন কদমে কদমে ছুটত, সত্যিই একটা দৃশ্য ছিল।

 

ছেলেবেলার গল্প শুরু করার বিপদ আছে। স্মৃতির সমুদ্রটি উথলে ওঠে।

 

মনে পড়ে যায় বিজয়াদশমীর আনন্দ। সরস্বতী পুজোর উৎসব। তবু তো শুধু দোয়াত কলমের পুজো। তবু কী উত্তেজনা। বাসন্তী রঙের কাপড় পরাই চাই। পুজোর আগে যেন কুল খাওয়ার চিন্তাও না করি।... পুজোর দিনে যেন ফস করে এক লাইন পড়ে না ফেলি।...

 

আগের রাত্রে দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারগুলো উলটে উলটে রাখা হচ্ছে; বইখাতা সরিয়ে রাখা হচ্ছে, পাছে ছুঁয়ে বসি। নিষ্ঠার সেই আনন্দ, বড়ো সুখের। রথ দোল কীসে না আমোদ? ছোটো ছোটো মাটির রথ টানাতে আমোদ। দোল খেলা তো অবশ্য খুব মাত্রা মাপা ছিল আমাদের। কিন্তু প্রধান আনন্দ তো পার্বণীর। পালেপার্বণে একটি করে চকচকে রুপোর দুয়ানি পাওয়া যেত। তখন সেটাই রাজ ঐশ্বর্য! সেটা নিয়ে কী করা হবে। তিনবোনে মিলে দু-চার দিন ধরে পরামর্শ চলত। ক্ষীরের কুলপি? গোলাপি রেউড়ি নকুলদানা? কাঁচকড়ার পুতুল? ফুঁকো মালা? লাল ফিতে? দিদি রেগে বলত, 'যা যা, যতই বলিস তুই তো শেষ অবধি সেই রুলটানা খাতা কিনে পয়সাটা খরচা করে ফেলবি।'

 

কথাটা সত্যি। এই একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায়। রুলটানা খাতা। দু-আনায় দু-খানা পাওয়া যেত। মলাট বাঁধানো হলে একটা। পয়সা হাতে পেলেই এ ইচ্ছেটা পেয়ে বসত। খাতাটা কেনা হলেই, পয়সা সার্থক।

 

একবার আমার সেজদার একখানা হারানো বই খুঁজে দেওয়ার পুরস্কারস্বরূপ, সেজদা আমায় শক্ত মলাটের ইয়া মোটকা একখানা খাতা উপহার দিয়েছিলেন। যদিও সেজদাও তখন 'স্কুলবয়', তবু নিজের টিফিন-ফিফিনের পয়সা থেকেই দিয়েছিলেন আর কি।... আহা সেজদাকে সেদিন স্বর্গের দেবতা মনে হয়েছিল। আর ওই রুলটানা মোটকা খাতাটাকে স্বর্গের একটা টুকরো। আহা সে আমাদের স্মৃতি আজও যেন মনের মধ্যে ঝকমকে হয়ে আছে। তারপর তো জীবনে কতই প্রাপ্তি ঘটেছে, কিন্তু জীবনে সেই প্রথম স্নেহের উপহার, যা কেউ আমার মনটা বুঝে নিয়ে দিয়েছে তার কী তুলনা হয়? ভালোবাসাকে বুঝতে পারা, স্নেহকে অনুভব করা, এটা ছিল আমাদের কালে। খাতাটার দাম ছিল নাকি চার আনা। মাকে একবার বলতে শুনেছিলাম, একখানা খাতার দাম চার চার আনা পয়সা! বাবাঃ ক্রমশই জিনিসপত্তরের দাম কী বেড়েই যাচ্ছে।...

 

'ছেলেবেলা'র পাওয়া সেটাই হচ্ছে পরম-পাওয়া, তার স্বাদই আলাদা। সোনালি স্তবকে মোড়া থাকে সেই পাওয়ার স্মৃতি।

 

(সংক্ষেপিত ও সম্পাদিত)

 



দেবী 

আধুনিক 






উৎস: 













কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

 

১. "আমার ছোটবেলা" রচনাটি কার লেখা? "মেঘনাদ" মানে কী?

উত্তর: ‘আমার ছোটোবেলা’ রচনাটি আশাপূর্ণা দেবীর লেখা। ‘মেঘনাদ’ কথাটির অর্থ হলো ‘মেঘের গর্জন’।

 

২. "আমাদের ছেলেবেলায়...বাসও ছিল না।"— লেখিকার ছোটবেলায় কলকাতায় কী ধরনের গাড়ি ছিল নামসহ লেখ।

উত্তর: লেখিকার ছেলেবেলায় কলকাতায় ট্রামগাড়ি এবং নানা ধরনের ঘোড়ার গাড়ি—যেমন ল্যান্ডো, ফিটন, ব্লুহাম, টমটম ও ছ্যাকড়া গাড়ি চলত।

 

৩. "মোটরগাড়ি একটা-আধটা দেখা যেত বটে।"— কাদের মোটর গাড়ি ছিল?

উত্তর: লেখিকার ছেলেবেলায় কেবল সাহেব-সুবোদের কিংবা নেহাত বড়োলোকদের কাছেই মোটরগাড়ি (হুডখোলা হাওয়া গাড়ি) দেখা যেত।

 

৪. "একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায়।"— লেখিকা কীসের কথা বলেছেন?

উত্তর: লেখিকা তাঁর ছেলেবেলায় ‘রুলটানা খাতা’-র প্রতি দারুণ দুর্বলতার কথা বলেছেন।

 

৫. লেখিকার ছেলেবেলায় পালকি বেহারারা কত ভাড়া পেত? উত্তর: লেখিকার ছেলেবেলায় চারজন পালকি বেহারা সোয়ারি নামিয়ে দিয়ে স্রেফ একটি চকচকে ছোট্ট গোল ‘দুয়ানি’ ভাড়া পেত।



প্রসঙ্গ নির্দেশপূর্বক কম-বেশি ৬০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

 

১. "স্রেফ একখানা 'ছিল না'-র অভিধান হয়ে যাবে।"— আলোচ্য রচনায় লেখিকার ছেলেবেলায় কী কী ছিল না?

উত্তর: আশাপূর্ণা দেবীর ‘আমার ছোটোবেলা’ রচনায় লেখিকা তাঁর শৈশবের কলকাতার এক অনাড়ম্বর ছবি তুলে ধরেছেন। সেকালে রাস্তায় রিকশা, বাস বা ট্যাক্সি ছিল না। ছিল না ‘সার্বজনীন পুজো’, মাইক, টুনিবাল্ব কিংবা পুজোর চাঁদা চাওয়ার রেওয়াজ। ভদ্রবাড়ির মেয়েদের রাস্তায় বেরোনোর নিয়ম ছিল না। আকাশবাণী, হাওয়াই জাহাজ বা এরোপ্লেন, ঘরে ঘরে বিদ্যুৎ বাতি এবং লোডশেডিং—কোনো কিছুই তখন ছিল না।

 

২. এরোপ্লেন দেখে লেখিকার কী মনে হয়েছিল?

উত্তর: ‘আমার ছোটোবেলা’ রচনায় লেখিকা জানিয়েছেন, তিনি একটু বড়ো হওয়ার পর কলকাতার আকাশে এরোপ্লেন ওড়া শুরু হয়। আকাশে এরোপ্লেনের আওয়াজ পেলেই তাঁরা উৎসাহে ও উত্তেজনায় ছাদে ছুটে যেতেন। ছোটোবেলা থেকে রামায়ণ-মহাভারতের গল্প শোনা লেখিকার এরোপ্লেন দেখে বিশ্বাস হয়েছিল যে, মেঘনাদের মেঘের আড়াল থেকে ‘বিমান যুদ্ধ’টা নেহাত বানানো গল্প নয়; কারণ মেঘনাদ মানে মেঘের গর্জন, আর এরোপ্লেনের গর্জনটাও ঠিক তেমনই।

 

৩. সেজদার দেওয়া উপহারের কথা লেখিকা কীভাবে স্মরণ করেছেন?

উত্তর: ‘আমার ছোটোবেলা’ রচনায় লেখিকা তাঁর সেজদার দেওয়া এক মধুর উপহারের স্মৃতিচারণ করেছেন। একবার সেজদার একটি হারানো বই খুঁজে দেওয়ার পুরস্কারস্বরূপ তিনি নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে লেখিকাকে চার আনা দামের শক্ত মলাটের একখানা মোটা রুলটানা খাতা উপহার দিয়েছিলেন। সেদিন লেখিকার কাছে সেজদাকে ‘স্বর্গের দেবতা’ এবং সেই খাতাটিকে ‘স্বর্গের একটা টুকরো’ মনে হয়েছিল।



 


কম-বেশি ১৫০ শব্দে প্রশ্নের উত্তর দাও :

 

১. "'লোকজন' অল্পে সন্তুষ্ট।"— পালকি বেহারা, ধোবা ও নাপিতের অল্পে সন্তুষ্ট থাকার বর্ণনা "আমার ছোটোবেলা" রচনায় যেভাবে করা হয়েছে তা লেখ।

উত্তর: আশাপূর্ণা দেবীর ‘আমার ছোটোবেলা’ রচনায় সেকালের সাধারণ মানুষের অল্পে সন্তুষ্ট থাকার এক সুন্দর ছবি ফুটে উঠেছে।

 

পালকি বেহারা: চারজন গাঁট্টাগোট্টা পালকি বেহারা সোয়ারি বয়ে এনে তেলচিটে গামছায় ঘাম মুছে স্রেফ একটি চকচকে গোল ‘দুয়ানি’ নিয়েই খুশি মনে চলে যেত। কোনো দয়াবতী সোয়ারি যদি বাড়তি একটি তামার পয়সা জলপানি খাওয়ার জন্য ছুড়ে দিতেন, তবে সেই চারজনের আট পাটি দাঁত রোদলাগা আয়নার মতো আনন্দে ঝলসে উঠত।

 

ধোবা: ধোবাকে যদি দু-কুড়ি কাপড়জামার সঙ্গে গোটা দশ-বারো ছোটো জামা-ফ্রক, পাঁচহাতি ধুতি ও শাড়ি ‘ফাউ’ কাচতে দিয়ে জল খাওয়ার জন্য দুটো পয়সা দেওয়া হতো, তবে তাতেই সে আহ্লাদে বিগলিত হয়ে যেত।

 

নাপিত: নাপিত বড়োদের চুল ছাঁটার সময় অবলীলায় দু-চারটে ছোটো ছেলের মাথা ‘ফাউ’ ধরে নিয়ে চুল ছেঁটে দিত। তবে তাদের ন্যাড়া করতে হলে নগদ একটা ডবল পয়সা (সপ্তম এডোয়ার্ডের মুখ আঁকা ভারী তামার চাকতি) দিতে হতো।

 

এভাবেই সেকালের শ্রমজীবী মানুষেরা সামান্য প্রাপ্তিতেই পরম তৃপ্তি ও আনন্দ খুঁজে পেত।

 

২. "সে শুনলে আবার তোমরা হাঁ হয়ে যাবে।"— সেইসময় বিয়ের জাঁকজমক, পুজো-রথ-দোলের যে আনন্দ তা "আমার ছোটোবেলা" রচনা অনুসরণ করে লেখ।

উত্তর: আশাপূর্ণা দেবীর ‘আমার ছোটোবেলা’ রচনায় আধুনিক উপকরণের অভাব থাকলেও সেকালের উৎসব-অনুষ্ঠানের বিপুল জাঁকজমক ও আনন্দের বর্ণনা রয়েছে।

 

বিয়ের জাঁকজমক: তখন ফুল-সাজানো মোটরগাড়ি না থাকলেও, ঘটার বরযাত্রায় চার, আট, ষোলো, এমনকী বত্রিশ ঘোড়ার গাড়িও দেখা যেত। রাস্তায় ব্যাগপাইপে ইংরেজি বাজনা বা ‘গোরার বাদ্যি’ বেজে উঠলেই বাড়ির মেয়েরা জানলা, বারান্দা ও ছাদে ভিড় জমাত। তার সঙ্গে থাকত অ্যাসিটিলিন গ্যাসবাতির আলোকসজ্জা এবং কাগজের তৈরি বিশাল পুতুলের শোভাযাত্রা—যার মধ্যে প্রমাণ মাপের হাতি, ঘোড়া, উট, দশমুণ্ড রাবণ, সূর্পনখা, তাড়কা রাক্ষুসী ও রামসীতা-রাধাকৃষ্ণ-হরপার্বতী থাকত।

 

পুজো-রথ-দোলের আনন্দ: বিজয়াদশমী ও সরস্বতী পুজোর উৎসবে থাকত দারুণ উত্তেজনা। সরস্বতী পুজোয় বাসন্তী রঙের কাপড় পরা, পুজোর আগে কুল না খাওয়া এবং পুজোর দিন পাছে এক লাইন পড়ে ফেলেন বা বই ছুঁয়ে বসেন, তাই আগের রাতেই দেওয়ালের ক্যালেন্ডার উলটে রাখা ও বইখাতা সরিয়ে রাখার মধ্যে ছিল নিষ্ঠার সুখ। ছোটো ছোটো মাটির রথ টানা, মাত্রা মাপা দোল খেলা এবং পালেপার্বণে চকচকে রুপোর দুয়ানি পাওয়ার আনন্দ ছিল সেকালের ছেলেবেলার প্রধান আকর্ষণ।

 

 

৩. "আমাদের ছেলেবেলায় বাপু আমাদের সবসময় খু-ব ভালো লাগত।"— একালের ছোটোদের সঙ্গে লেখিকার ছেলেবেলার মানসিকতার পার্থক্য ‘আমার ছোটোবেলা’ রচনা অনুসরণে লেখ।

উত্তর: আশাপূর্ণা দেবীর ‘আমার ছোটোবেলা’ রচনায় একালের ও সেকালের ছোটোদের মানসিকতার এক স্পষ্ট পার্থক্য তুলে ধরা হয়েছে। লেখিকা লক্ষ করেছেন, একালের ছোটোদের মুখের প্রধান বুলিই হলো— ‘ধেৎ! ভাল্লাগছেনা।’ কেন যে তাদের ভালো লাগছে না, তা হয়তো তারা নিজেরাও জানে না। লেখিকার মতে, চারপাশে কেবলই ‘না ভালোলাগা’ ও অসন্তুষ্ট মানুষের মূর্তি দেখেই একালের ছোটোদের এই অবস্থা হয়েছে।

 

অন্যদিকে, লেখিকার ছেলেবেলা ছিল সম্পূর্ণ আলাদা। তখন ‘ভাল্লাগেনা’ শব্দটাই তাঁদের জানা ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেই শুধু শুধুই তাঁদের খুব ভালো লাগত—সেই ‘অকারণ ভালোলাগা’-র সোনালি পাতায় মোড়া ছিল তাঁদের শৈশব। অথচ বিজ্ঞানের অবিশ্বাস্য উন্নতি ও আরাম-সুবিধের সাত ভাগের এক ভাগও তখন ছিল না। তবুও সেই সময় মানুষ ছিল ‘অল্পে সন্তুষ্ট’। পারস্পরিক ভালোবাসা, স্নেহ অনুভব করা এবং ছোটো ছোটো প্রাপ্তিতেই পরম আনন্দ খুঁজে নেওয়ার মানসিকতা সেকালের ছেলেবেলাকে মধুর করে তুলেছিল।




কম-বেশি ২০০ শব্দে উত্তর দাও :

 

১. "কলকাতার রাস্তায় তখন পালকি চলত। ভাবো?"— কোন রচনার অংশ ও লেখিকার নাম কী? লেখিকার ছেলেবেলায় বাড়িতে পালকি আসার চিত্রটি পাঠ্যাংশ অনুসরণ করে বর্ণনা কর। (১+৬)

উত্তর: উৎস ও লেখিকা: উদ্ধৃত অংশটি আশাপূর্ণা দেবীর লেখা ‘আমার ছোটোবেলা’ রচনার অন্তর্গত।

 

বাড়িতে পালকি আসার চিত্র: লেখিকার ছেলেবেলায় কলকাতার রাস্তায় তখনও রিকশা বা বাসের প্রচলন হয়নি, তাই যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল পালকি। আজও কোনো ঝিমঝিমে দুপুরে ঘরের মধ্যে চুপচাপ শুয়ে থাকলে লেখিকার কানে দূর থেকে ভেসে আসা পালকি বেহারাদের ‘হুকুম হাকুম’ আওয়াজ বুকের মধ্যে ধাক্কা মেরে চলে যায়। চোখ বুজলেই তাঁর চোখের সামনে ভেসে ওঠে উত্তর কলকাতার সেই বারান্দাওয়ালা বাড়ির স্মৃতি।

 

পালকি এসে বাড়ির সামনে থামলেই ‘ঘাগরা’ পরা ছোট্ট আশাপূর্ণা ছুটে বারান্দায় এসে মুখ ঝুঁকিয়ে দেখতেন। মাটিতে নামানো পালকি থেকে অতি কৌশলে আগে একটা পা, তারপর হেঁট করা মুণ্ডু এবং শেষে সমস্ত শরীরটাকে নিয়ে বেরিয়ে আসতেন বড়ো মাসিমা, মেজদিদিমা, ঝামাপুকুরের ভাবিনীপিসি অথবা ফড়েপুকুরের নেত্যঠানদি। এঁরা মাঝে মাঝেই একা একা আসতেন। পরনে সাদা থান, গায়ে গহনাহীন ও মাথা ন্যাড়া বলে চোরডাকাতের ভয় ছিল না, আর রিকশা না থাকায় একা আসতে হলে পালকিই ছিল একমাত্র ভরসা।

 

পালকি থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে তাঁরা আঁচলের গিঁট খুলে ভাড়া মেটাতেন। চারজন গাঁট্টাগোট্টা বেহারা তেলচিটে গামছায় ঘাম মুছতে মুছতে স্রেফ একটি চকচকে গোল ‘দুয়ানি’ নিয়েই খুশি মনে পালকি কাঁধে তুলে চলে যেত। আর কোনো দয়াবতী সোয়ারি যদি বাড়তি একটি তামার পয়সা জলপানি খাওয়ার জন্য ছুড়ে দিতেন, তবে বেহারাদের চারখানি মুখের আট পাটি দাঁত রোদলাগা আয়নার মতো আনন্দে ঝলসে উঠত।

 

 

২. "'ছেলেবেলা'র পাওয়া সেটাই হচ্ছে পরম-পাওয়া, তার স্বাদই আলাদা।"— কোন রচনার অংশ ও লেখিকার নাম কী? লেখিকার ছেলেবেলায় পার্বণীর পয়সা ও রুলটানা খাতার প্রতি তাঁর দুর্বলতা এবং সেজদার উপহার পাওয়ার স্মৃতি বর্ণনা কর। (১+৬)

উত্তর: উৎস ও লেখিকা: উদ্ধৃত অংশটি আশাপূর্ণা দেবীর লেখা ‘আমার ছোটোবেলা’ রচনার অন্তর্গত।

 

পার্বণীর পয়সা ও রুলটানা খাতার প্রতি দুর্বলতা: লেখিকার ছেলেবেলার প্রধান আনন্দ ছিল পালেপার্বণে পাওয়া পার্বণীর পয়সা। উৎসবে-পার্বণে একটি করে চকচকে রুপোর দুয়ানি পাওয়া যেত, যা তখনকার দিনে ছিল রাজ-ঐশ্বর্যের সমান। সেই পয়সা দিয়ে কী কেনা হবে—ক্ষীরের কুলপি, গোলাপি রেউড়ি, নকুলদানা, কাঁচকড়ার পুতুল, ফুঁকো মালা নাকি লাল ফিতে—তা নিয়ে তিন বোনে মিলে দু-চার দিন ধরে পরামর্শ চলত। তখন লেখিকার দিদি রেগে গিয়ে বলত যে, যতই পরামর্শ হোক, লেখিকা শেষমেশ সেই রুলটানা খাতা কিনেই পয়সা খরচ করবেন। কথাটি সত্যিই ছিল, কারণ রুলটানা খাতার প্রতি লেখিকার ছিল দারুণ দুর্বলতা। দু-আনায় দু-খানা সাধারণ খাতা বা মলাট বাঁধানো একখানা খাতা পাওয়া যেত; খাতাটা কিনতে পারলেই তাঁর পয়সা সার্থক মনে হতো।

 

সেজদার উপহারের স্মৃতি: একবার লেখিকার সেজদার একটি হারানো বই খুঁজে দেওয়ার পুরস্কারস্বরূপ তিনি লেখিকাকে শক্ত মলাটের একখানা বেশ মোটা রুলটানা খাতা উপহার দিয়েছিলেন। সেজদা নিজেও তখন স্কুলবয় ছিলেন, তবুও নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে চার আনা দাম দিয়ে খাতাটি কিনেছিলেন। সেদিন সেজদাকে লেখিকার স্বর্গের দেবতা এবং খাতাটিকে স্বর্গের এক টুকরো মনে হয়েছিল। খাতার দাম চার আনা শুনে মা-ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। পরবর্তী জীবনে অনেক প্রাপ্তি ঘটলেও, মন বুঝে দেওয়া সেই প্রথম স্নেহের উপহারের স্মৃতি আজও লেখিকার মনে সোনালি স্তবকে মোড়া হয়ে ঝকমক করছে।