Education Desk:
Haldibari 24 Ghonta
চিল্কা
-- সৈয়দ মুজতবা আলী
সন্ধ্যাবেলা গোলাপের কুঁড়িটির দিকে অনেকক্ষণ
ধরে তাকিয়ে রইলুম। প্রকৃতি যেন যুগ যুগ ধরে কোটি কোটি কুঁড়ি তৈরি করার পর আজ এ-কুঁড়িতে
তার পরিপূর্ণতা পেয়েছে।
সকালবেলা বাগানে গিয়ে দেখি, সে-কুঁড়িটি
ফুটেছে। কুঁড়ির ভিতরে প্রকৃতি গোপনে গোপনে পাপড়ির যে নিখুঁত সামঞ্জস্য সাজিয়ে রেখেছিল
সেই সামঞ্জস্য নিয়েই পাপড়িগুলো বাতাসের গায়ে শরীর মেলে দিয়েছে। রেণু যেন রাজকুমারী,
আর চতুর্দিকে সার বেঁধে তাঁর সখীরা এক নিস্তব্ধ নৃত্য আরম্ভ করে দিয়েছেন।
চুপ করে দেখতে দেখতে আমার মনে হল, সন্ধ্যাবেলার
কুঁড়িতে দেখছিলুম এক সৌন্দর্য আর সকালবেলার ফোটা-ফুলে দেখছি আরেক সৌন্দর্য। এই পরিবর্তনটি
যদি আমার চোখের সামনে ঘটত তবে এই দুই সৌন্দর্যের ভিতর আরও কত সৌন্দর্য দেখতে পেতুম।
কিন্তু সে তো হবার নয়; ফুল ফোটে এত ধীরে ধীরে যে তার বিকাশ আর পরিবর্তন তো চোখে পড়ে
না। সমস্ত রাত কুঁড়ির কাছে জেগে রইলেও সৌন্দর্যের ক্রমবিকাশে তার ভিন্ন ভিন্ন রূপ আমার
চোখ এড়িয়ে যাবে।
ভগবান আমার সে-ক্ষোভ চিল্কার পারে ঘুচিয়ে
দিলেন।
অতি ভোরে চিল্কার সার্কিট-হাউসে ঘুম ভাঙল,
বারান্দায় কাচ্চাবাচ্চাদের কিচিরমিচির শুনে।
আঙ্গুল-আশ্রমের ছেলেমেয়েগুলো তা হলে নিশ্চয়ই
দুপুর-রাতে এসে পৌঁছেছে।
দরজা খুলে পুব আকাশের দিকে তাকিয়ে দেখি,
আমার বাগানের সেই গোলাপ-কুঁড়ি। শুধু এ-কুঁড়ির রং একটু বেশি লালচে। আমার আর পুব আকাশের
মাঝখানে বিস্তীর্ণ জলরাশির উপর এক ফালি সিঁথির সিঁদুর। কিংবা যেন কোনো রক্তাম্বরধারিণী
গরবিনী চিল্কার উপর দিয়ে পুব সাগরের পানে যেতে যেতে রক্তাম্বরী নিংড়ে নিংড়ে জল ফেলে
ফেলে আমার ওই কুঁড়ির পিছনে অদৃশ্য হয়ে গিয়েছেন।
সুন্দরীর কথা ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে
তাকিয়ে রইলুম কুঁড়ির দিকে। সে-কুঁড়ি ফুটতে আরম্ভ করেছে। শুধু এর পাপড়ির আকার অন্য রকমের।
সোজা, ধারালো তলোয়ারের মতো এক-একটি সূর্যরশ্মি দিগ্বলয়ের অন্তরাল থেকে হঠাৎ পূর্ব গগন
পানে ধেয়ে ওঠে। অসংখ্য রশ্মি অর্ধচক্রাকারে আকাশ ছেয়ে ফেলেছে। তাদের কেন্দ্র-ঘুমন্ত
রাজকুমারীর এখনও দেখা নেই। আকাশের লাল ক্রমেই কমে আসতে লাগল। চিল্কার রাঙা জলের ফালি
গোলাপি হয়ে হয়ে শেষটায় নীলাম্বরী পরতে আরম্ভ করেছে।
চতুর্দিকে আর সব কিছু পাণ্ডু, যেন হিমানীর
গ্লানি-মাখা।
সবিতা স্বপ্রকাশ হলেন। আলোতে আলোতে হিমানীর
সর্ব-গ্লানি ঘুচে যাচ্ছে। পুব-আকাশের দিকে ধেয়ে-ওঠা সূর্য-অসিরাজি সবিতা সংহরণ করে
নিয়েছেন। জাদুকর তার ভানুমতীর ইন্দ্রজাল অদৃশ্য করে পূর্ণ মহিমায় রঙ্গমঞ্চে একা দাঁড়িয়ে
রইলেন।
আমারই চোখের সামনে আমার বাগানের গোলাপের
কুঁড়িটি ফুটে উঠল। এর সম্পূর্ণ ফোটাটি আমি প্রাণভরে দেখলুম। এর কিছুই ফাঁকি গেল না।
কিন্তু এ-ফোটা গোলাপের ফোটার চেয়ে কত লক্ষ গুণে গম্ভীর। এর ব্যাপ্তি বিশ্ব-চরাচর ছড়িয়ে
এবং হয়ত ছাড়িয়ে।
আমার মনে আর কোনো ক্ষোভ রইল না।
আলো ফুটেছে, কিন্তু জলে বাতাসে, ডাঙায়
আকাশে এখনও যেন কী এক আবেশ জড়ানো। চিল্কার জল কেমন যেন একটা নীলফুরি রং মেখে নিয়েছে।
এ-রং সমুদ্রের জল চেনে না, দেশের বিলে, বিদেশের ব্লু ডানয়ুবেও নীলের এ আভাস আমি কখনও
দেখিনি। তবে কি চিল্কা একদিকে যেমন হ্রদ, অন্যদিকে তেমনি সমুদ্রের সঙ্গে জোড়া বলে সাদায়
আর নীলে মিশে গিয়ে নীলফুরি রং ধরেছে? তাই হবে। বর্ষায় নাকি নদীর অপর্যাপ্ত জল হ্রদে
নেমে এসে তার লোনা জলকে মিঠা করে দেয়। শীতে নাকি সমুদ্রের জোয়ারের মারে জল ফের লোনা
হয়ে যায়।
নীলফুরির মাঝখানে ওই বিরাট কালো পোঁচ
কীসের? মন্দমধুর ঠান্ডা হাওয়া বইছে বলে সে পোঁচ আবার অল্প অল্প দুলছে। স্টিমলঞ্চ ক্রমেই
কালো পোঁচের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি সেই কালো ফালিটা জল ছেড়ে আকাশের দিকে হাওয়ায়
ভর করে উড়ে চলল-লক্ষ লক্ষ পাখি। এরা নাকি এসেছে সাইবেরিয়া থেকে, হিমালয় থেকে। ঠিকই
তো; এদেরই তো আমি দেখেছি খাসিয়া পাহাড়ের পায়ের কাছে, ডাউকির হাওরে হাওরে, চেরাপুঞ্জির
জলে ভর্তি বিলে বিলে।
চিল্কার সমস্ত সৌন্দর্য এক মুহূর্তে অন্ধকার
হয়ে গেল। হৃৎপিণ্ডটা কে যেন শক্ত হাতে মুচড়ে দিল, বুক থেকে কী যেন একটা উঠে এসে গলাটাকে
বন্ধ করে দিল। আর যেন ঢোক গিলতে পারছি নে।
মাথার উপরকার আকাশ ছেয়ে ফেলে শুভ্র মল্লিকার
পাপড়ি ছড়ালে কে? পাপড়িগুলো অতি ধীরে ধীরে কেঁপে কেঁপে, এদিক ওদিক হয়ে হয়ে জলের দিকে
নেমে আসছে। বিলেতের বরফ-বর্ষণ এর কাছে হার মানে।
এ তো সেই পাখিগুলোর বুক। এদের পিঠের রং
কালো। তাই তারা যখন জলে বসে থাকে তখন মনে হয়, এরা হ্রদের নীল চোখের কৃষ্ণাঞ্জন, আর
আকাশ থেকে যখন নেমে আসে তখন উপরের দিকে তাকিয়ে দেখি সিত-মল্লিকা-বর্ষণ।
পাশে ভাগনি কৃষ্ণা বসে ছিল। বললে, 'মামা,
ওই দেখো, চিল্কার দেবী কালীমার দ্বীপ। ওখানে জল নেই, ঘাস নেই, তোমার টাকের মত সব কিছু
খা-খা করছে।'
টাকের কথা ওঠাতে বিরক্ত হয়ে দ্বীপের দিকে
না তাকিয়ে তাকালুম রোষ-কষায়িত লোচনে, কৃষ্ণার চোখের দিকে। সেখানে দেখি চিল্কার মাধুরী।
কৃষ্ণার চোখের সাদা যেন সাদা হতে হতে নীলফুরি হয়ে গিয়েছে আর তার গায়ের কালো রঙ দিয়ে
চোখের চতুর্দিকে স্বয়ং বিশ্বকর্মা এঁকে দিয়েছেন কৃষ্ণাঞ্জন।
ভগবান একই সৌন্দর্য কত না ভিন্ন ভিন্ন
রূপে দেখান! শিশুর খলখলে হাসি আমি শুনেছি নির্ঝরিণীর কলকল রোলে, বিগলিত মাতৃস্তন্য
দেখেছি আরবের মরুভূমির বুক ফেটে বেরিয়ে আসা সুধারসে, নবজাত শিশুর গাত্রগন্ধে পেয়েছি
প্রথম আষাঢ়ের ভিজে মাটির গন্ধ।
রসময় পাঠক, এইবারে আমি তোমার একটু করুণা
ভিক্ষা করি। আমি কাব্যরস ভিন্ন অন্য আরও দু-একটি রসের সন্ধান করি। তারই একটি খাদ্যরস।
চিল্কার এ-পাখির রস আমি চেখেছি দেশে। আবার লোভ হল। সঙ্গে ছিল স-বন্দুক পারিকুদের রাজা।
তার এবং তার বন্দুকের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালুম। সঙ্গে সঙ্গে মনে মনে চিল্কার
কালীকে স্মরণ করে বললুম, 'গোটা পাঁচেক পাখি দাও না, মা!' তারপর ভাবলুম, না, অত বেশি
চাওয়া-চাওয়ি ভাল নয়, দেবীকে দেখাতে হবে, আমি কত অল্পেতেই সন্তুষ্ট হই। মনে মনে বললুম,
'আচ্ছা, না হয়, পাঁচটা না-ই বা দিলে। গোটা দুত্তিন দিলেই হবে। আমার খাঁই মাইজী বড্ডই
কম।'
বলেই একটা ইরানি গল্প মনে পড়ে যাওয়াতে
হাসি পেল। এক ইরানি দরবেশ ভগবানকে উদ্দেশ করে বললে, 'হে আল্লাতালা, আমাকে হাজার পঁচিশের
তুমান দাও। আমি তোমার কিরে কেটে বলছি, তার থেকে পাঁচ হাজার তুমান গরিব-দুঃখীদের ভিতর
দান-খয়রাত করে বিলোব। আমাকে বিশ্বাস করতে পারছ না? আচ্ছা, তা হলে তোমার পাঁচ হাজার
তুমান কেটে নিয়ে আমাকে বিশ হাজারই দাও।'
চিল্কা হ্রদ বিস্তর ছোটো ছোটো দ্বীপে
ভর্তি। মাত্র একটি ছাড়া নাকি সব কটাতেই মিষ্টি জল পাওয়া যায়। এসব দ্বীপে থাকে গরিব
জেলেরা। ডাঙার সঙ্গে এদের কোনো যোগসূত্র নেই। এদের পোস্টঅফিস নেই, টেলিগ্রাফের তার
ডাঙার সঙ্গে দ্বীপের মানুষকে কাছাকাছি এনে দেয়নি। আর আপন দ্বীপের বাইরে বিশ্বসংসারের
কাকেই বা এরা চেনে যে ওরা এদের টেলিগ্রাম পাঠাবে, ওরা এদের কুশল সংবাদ জানতে চাইবে।
আমি ভাবলুম, আমার দেশে নাগা-গারোরা পর্যন্ত
মাঝে মাঝে পাহাড় থেকে নেমে, পায়ে হেঁটে কিংবা বাসে করে শহরে যায়। এটা সেটা দেখে, ফুটপাতের
দোকানে বসে চা খায়, সিনেমা যায়, কেনাকাটাও করে। এই উড়িষ্যারই আদিবাসীরা মাঝে মাঝে বন
থেকে বেরিয়ে এসে আমাদের বাড়িঘরদোর দেখে, হয়ত মনে মনে সংকল্প করে, বনের ভিতরই ওদের জীবনকে
আরও সমৃদ্ধ করবে। কিন্তু চিল্কার দ্বীপবাসীরা সৃষ্টির সেই আদিমকাল থেকেই দ্বীপবাসী।
আজ যেসব জিনিসপত্র দিয়ে তারা মাছ ধরে, দু-হাজার বৎসর পূর্বেই তাই দিয়ে তারা মাছ ধরেছে।
সভ্যতার শ্রীবৃদ্ধি, বিজ্ঞানের প্রসার এদের কোনো কাজে লাগেনি।
হয়ত ভালোই আছে। ফারসিতে বলে, 'দূর বাশ,
খুশ বাশ্।' দূরে আছে, ভালোই আছে। টমাস কেম্পিসও বলেছেন, 'যতবার আমি মানবসমাজে গিয়েছি
ততবারই আমি খানিকটে মনুষ্যত্ব হারিয়ে বাড়ি ফিরেছি।' হয়ত 'সভ্যতা'র আওতায় না এসে এরা
সত্যই সভ্যতর।
চিল্কার বড়ো দ্বীপ পারিকুদ। ডাঙা থেকে
মাইল আষ্টেক দূরে হবে। দ্বীপে নেমে খানিকক্ষণ চলার পর মনে হল, কোথায় চিল্কা, কোথায়
তার নীলফুরি জল, কোথায় দূর-দূরান্তের সিন্ধু-রেখা আর কোথায়ই বা কৃষ্ণপক্ষ পক্ষীর শুভ্র
বক্ষের মল্লিকা বর্ষণ। এ ত দেখছি, পুব-বাংলার পাড়া গাঁ। রাস্তার উপর সাদা ধুলো। দু-দিকে
রাস্তার জন্য মাটি তোলার ফলে লাইন বেঁধে ডোবার সারি। তাতে ফুটেছে ছোটো ছোটো শ্বেতপদ্ম
রক্তপদ্ম। মাছরাঙা ওড়াওড়ি করছে আর মাঝে মাঝে এক-পায়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন বক। মোষগুলো
গলা অবধি জলে ডুবিয়ে চোখ বন্ধ করে ধীরে গম্ভীরে মাথা নাড়ছে। শুধু পুব-বাংলার জমির মতো
এ জমি উর্বরা নয়; তাই খেতখামারের চিহ্ন কম।
রোদ চড়ছে। দূর গ্রামের শ্যামশ্রীর দিকে
তাকিয়ে চোখ জুড়োয়। ওইখানে পৌঁছতে পারলে হয়। শহরের লোক; এতখানি হেঁটে অভ্যেস নেই। ক্লান্তি
বোধ হচ্ছে।
সঙ্গে পরিকুদের রাজা। রাজবাড়িতে পৌঁছে
দু-দণ্ড জিরিয়ে নিলুম। সেখানে বিরাট বিরাট কৌচ সোফা। দশ-হাতী খাড়া আয়না, জগদ্দল কাবার্ড
আলমারি, সোনার সিংহাসন, মার্কেল-টপ টেবিল, বাথ-টাব, ঝাড়-ফানুস, আরও কত কী! এসব ওই গরিব
জেলেদের পয়সায়? অবিশ্বাস্য।
কলকাতা থেকে ট্রেনে এসেছে চিল্কার পার
অবধি। তারপর কত চেল্লাচেল্লি হৈ-হুল্লোড়ের ভিতর এগুলোকে নৌকায় চাপানো হয়েছে, নাবাতে
হয়েছে, কত লোক মাথার ঘাম পায়ে ফেলে এগুলোকে রাজবাড়ি পর্যন্ত কাঁধে করে বয়ে এনেছে, পড়ি-মরি
হয়ে উপরের তলায় তুলেছে।
শুধু রাজপরিবার এগুলো ব্যবহার করেন। রাজপরিবার
বলতে উপস্থিত রাজা আর রানি। আর আজ সকালের মতো আমরা।
সূর্য মধ্যগগনে। লঞ্চ পূবদিকে সমুদ্রের
পানে ধাওয়া করেছে, যেখানে হ্রদের সঙ্গে সমুদ্রের সঙ্গম।
পূর্বদিগন্তে যেখানে সমুদ্র আর হ্রদ আকাশের
সঙ্গে মিশেছে সে-জায়গা ঝাপসা হয়ে আছে। মনে হয়, হ্রদ দূরে যেতে যেতে হঠাৎ যেন কোথাও
অসীম শূন্যে লীন হয়ে গিয়েছে। গ্রীষ্মের দ্বিপ্রহরে গরমের দেশের দগ্ধতাম্র দিগন্তে যে
আস্বচ্ছ ছায়ানৃত্য আরম্ভ হয়, এখানে যেন তারই এক অন্যরূপ। এখানে যেন অশরীরী বাষ্প-নৃত্য
আরম্ভ হয়েছে আর তারই আড়ালে হ্রদের শেষ, সমুদ্রের আরম্ভ, সমুদ্রবক্ষে আকাশের চুম্বনে
সব কিছু ঢাকা পড়ে গিয়েছে।
তাই পশ্চিমমুখো হয়ে বসলুম ডাঙার দিকে
তাকিয়ে।
পাখিরা সব গেল কোথায়? শুধু দু-একটি ঝাঁক
হেথা হোথায়। বোধ হয় ঠান্ডা দেশের প্রাণী বলে দ্বীপের গাছতলার ঠান্ডাতে আশ্রয় নিয়েছে।
কত রকমের নীল রং দেখছি।
হ্রদের জল দুপুর-রোদে অতি হালকা ফিকে
নীল হয়ে গিয়েছে। হ্রদের পরে পাড়ের গ্রামের রং এমনিতে ঘন সবুজ, কিন্তু এখন দেখাচ্ছে
হ্রদের জলের চেয়ে একটুখানি ঘনতর নীল। গ্রামের পিছনে পাহাড়, তার রং আরও একটু বেশি ঘন
নীল। এবং সর্বশেষে পাহাড়ের পিছনের আকাশ ঘোর নীল।
এ কী করে সম্ভব হয় জানিনে। গ্রামের গাছপালা,
পাহাড়ের ঝোপ-ঝাড় হয় সবুজ রঙের কিন্তু আজ এরা নীলের ছোপ মেখে নিল কী করে? তবে কি আমার
আর পাহাড়ের মাঝখানে দীর্ঘ নীল বিস্তৃতি আমার চোখ দুটিকে নীলাঞ্জন- কিংবা নীল চশমা পরিয়ে
দিয়েছে যে আমি সব কিছুই নীল দেখছি?
ম্যাজিশিয়ানরা দেখেছি মাথার উপরে হাত
তুলে এক প্যাক তাস ছেড়ে দেয় আর আলগা তাসগুলো জুড়ে গিয়ে ভাঁজে ভাঁজে নেমে আসে। এখানে
যেন আকাশের অন্তরাল থেকে কোন এক জাদুকর আকাশ, পাহাড়, বন, জল এই হরতন, চিরতন, রুহিতন,
ইষ্কাপনের চারখানা তাস জুড়ে দিয়ে ভাঁজে ভাঁজে লটকে দিয়েছেন। কিন্তু এ-ওস্তাদ লাল-কালোর
দু-রং না নিয়ে, মেলাই তসবির না এঁকে, এক নীলের ভিন্ন ভিন্ন আভাস দিয়ে অপূর্ব এক ভেলকিবাজি
দেখাচ্ছেন।
হ্রদের বুকে হাওয়া এতটুকু আঁচড় কাটেনি-একেবারে
সম্পূর্ণ নিখিরকিচ। শুধু আমাদের লঞ্চ যেন চিরুনির মতো ইন্দ্রপুরীর কোনো এক রমণীর দীর্ঘ
বিন্যস্ত নীলকুন্তলে সিঁথি কেটে কেটে সমুদ্র-সীমান্তের দিকে এগিয়ে চলেছে। সিঁথির দু-দিকে
চূর্ণ কুন্তলের ফেনা উচ্ছ্বসিত হয়ে উঠছে কিন্তু এ-গরবিনীর কুন্তলদাম এমনই বিপুল যে
চিরুনি বেশিদূর এগোতে না এগোতেই দেখতে পাই, দুদিকের ঘন কুন্তল সিঁথিকে নিশ্চিহ্ন করে
দিয়েছে।
চতুর্দিকে অসীম শান্তি পরিব্যাপ্ত। শুধু
লঞ্চের মোটরটার একখানা শব্দ কর্ণে পীড়া দেয়। সান্ত্বনা শুধু এইটুকু, এই নীলিমার সৌন্দর্য-মাধুরীতে
ডুব দিলে কানে এসে মোটরের শব্দ পৌঁছয় না।
যোগশাস্ত্রে পতঞ্জলি চিত্তবৃত্তি-নিরোধের
অনেক পন্থার নির্দেশ দিয়েছেন। এটা দিলেন না কেন?
এবারে সূর্যাস্ত। পশ্চিমের আকাশ হয়ে গিয়েছে
টুকটুকে লাল। আকাশ যেন প্রথমটায় তাঁর নীল কপালের সিঁথিতে একফালি সিঁদুর মেখেছিলেন,
তারপর তাঁর খোকা কচি হাতের এলোপাতাড়ি থাবড়া দিয়ে এখানে-ওখানে খাবলা খাবলা সিঁদুর লাগিয়ে
দিয়েছে। মা শেষটায় সমস্ত মাথায় সিঁদুর মেখে নিয়েছেন।
নীলে লালে মিশে গিয়ে বেগুনি হয়? তাই বোধ
হয় হ্রদের জল বেগুনি হয়ে গিয়েছে।
আজকের সূর্যাস্ত বড়ো অল্প সময়েই শেষ হয়ে
গেল। আকাশে মেঘ থাকলে তারা সূর্যাস্তের লালিমা খানিকটে শুষে নেয় এবং সূর্য পাহাড়ের
আড়ালে চলে যাওয়ার পরও মহফিল-শেষের তানপুরার রেশের মতো খানিকক্ষণ আকাশ-বাতাস জলস্থল
রাঙিয়ে রাখে।
দিল্লির কবি গালিব সাহেব এই 'শেষ রেশটুকুর
উপর হাড়ে হাড়ে চটা ছিলেন। তাঁর দুরবস্থা তখন চরমে। বাড়িখানা ঝুরঝুরে। এক বন্ধুকে চিঠি
লিখেছিলেন, 'অগর পানী বরস্তা এক ঘণ্টা, তো ছৎ বরস্তি দো ঘণ্টে'-'জল যদি বর্ষে এক ঘণ্টা
তো ছাত বর্ষে দু ঘণ্টা!'
দু-এক ঝাঁক পাখি এখানে ওখানে। পারিকুদের
রাজাকে বললুম, 'দু-একটা মারো না।'
রাজার রাজকীয় চাল। পাখি দেখলে চাকরকে
ধীরে সুস্থে বলেন, 'বন্দুকো।' চাকর রাজার রাজা! তার চাল আরও ভারিক্কি। আরও ধীরে সুস্থে
কেস খুলে বন্দুক এগিয়ে দেয়। রাজা গদাইলস্করী চালে 'বন্দুকো' জোড়া লাগিয়ে বলেন, 'কার্তুজো'।
করে, করে সব যখন তৈরি তখন পাখিরা সাইবেরিয়ায় চলে গিয়েছে। তবে কি রাজার তাগ খারাপ?
তবু ভদ্রতার খাতিরে দু-একটা গুলি ছুঁড়লেন।
ফলং শূন্যং।
আমার একটা গল্প মনে পড়ে গেল।
বড়োলাট গেছেন বরোদায় পাখি শিকারে। আমাদের
ওস্তাদ শিকারী রহমৎ মিয়া গেছেন সঙ্গে। সন্ধ্যায় যখন ওস্তাদ বাড়ি ফিরলেন তখন বাচ্চা
শিকারীরা উদগ্রীব হয়ে শুধালে, বড়োলাট সায়েবের তাগ কী রকম?
ওস্তাদ প্রথমটায় রা কাড়ে না। শেষটায় চাপে
পড়ে বললেন, 'বড়োলাটের মতো শিকারী হয় না, আশ্চর্য তাঁর তাগ। কিন্তু আজ খুদাতালা পাখিদের
প্রতি সদয় (মেহেরবান) ছিলেন।'
পূর্ব-পশ্চিমে যেন দেখন-হাসি, ইলেকটিরিতে
খবর পাঠাল, না বয়স্কা উটের নিশানে নিশানে কথাবার্তা। পশ্চিমের লালের ইশারায় পূব লাল
হয়। সেই লাল ফিকে হচ্ছে-কী গোপন কায়দায় তার খবর পূর্বে পৌঁছচ্ছে? মাঝের বিস্তীর্ণ আকাশ
তো ফিকে, কোনো রং নেই, ফেরফার নেই। কী করে এর হাসি ওর গায়ে গিয়ে লাগে, এর বেদনা ওর
বুকের সাড়ায় প্রকাশ পায়?
আধা আলো-অন্ধকারে সাতপাড়া দ্বীপে নামলুম।
আমবাগানের ভিতর ছোটো একটি ডাকবাংলো। লাঙ্গুর-আশ্রমের কাচ্চাবাচ্চারা কিচিরমিচির করছে।
খানিক পরে চিল্কা হ্রদের তাজা মাছভাজার গন্ধ নাকে এল। সর্বাঙ্গে ক্লান্তি, কখন খেলুম,
কখন ঘুমিয়ে পড়লুম, কিচ্ছু মনে নেই।
শেষ রাত্রে ঘুম ভাঙল। দেখি আমার অজান্তে
বাতিওলারা এসে আসমানের ফরাশে এখানে ওখানে তারার মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছে। এবারে
শেষ রাত্রের মুশায়েরা বসবে। আমগাছ মাথা দোলাবে, ঝিঁঝিঁ নূপুর বাজাবে, পুবের বাতাস মজলিসের
সর্বাঙ্গে গোলাপ-জল ছিটিয়ে ঠান্ডা করে যাবে।
তারপর দেখি দূর সাগরের ওপারে লাল মদের
ভাঁড় থেকে চাঁদ উঠলেন ধীরে ধীরে, গা টেনে টেনে। সকলের মুখে হাসি ফুটল। অন্ধকার আকাশে
যেসব মোসাহেবরা গা-ঢাকা দিয়েছিলেন তাঁদেরও চেনা গেল। ছোটো বাচ্চা যেমন মুশায়েরার মাঝখানে
ঘুমিয়ে পড়ে, আমি আবার তেমন ঘুমিয়ে পড়লুম।
ভোর হলো। আজ আমার ছুটি শেষ। আপিসের কথা
মনে পড়তেই সর্বাঙ্গ হিম হয়ে গেল। লঞ্চে উঠে পাড়ের পানে রওয়ানা দিলুম। সে সকালেও অনেক
নবীন সৌন্দর্য দেখা দিয়েছিল, কিন্তু আপিসের জুজু আমার পঞ্চেন্দ্রিয় অসাড় করে দিয়েছে।
যেন ডুবসাঁতার দিয়ে ডাঙায় পৌঁছে, আপিস আর অদৃষ্টকে অভিসম্পাত দিতে দিতে কটক এলুম।
(সংক্ষেপিত ও সম্পাদিত)
চিল্কা
কম-বেশি ২০টি শব্দে উত্তর দাও :
১. "অতি ভোরে চিল্কার সার্কিট-হাউসে
ঘুম ভাঙলো।"— কীভাবে লেখকের ঘুম ভাঙলো?
উত্তর: অতি ভোরে সার্কিট-হাউসের
বারান্দায় আঙ্গুল-আশ্রমের কাচ্চাবাচ্চাদের কিচিরমিচির শব্দ শুনে লেখকের ঘুম ভেঙে গিয়েছিল।
২. "এসব ওই গরিব জেলেদের পয়সায়?
অবিশ্বাস্য!"— কীসের কথা বলা হয়েছে?
উত্তর: পারিকুদের রাজবাড়িতে
থাকা বিরাট কৌচ-সোফা, দশ-হাতী আয়না, আলমারি, সোনার সিংহাসন, মার্বেল-টপ টেবিল, বাথ-টাব
ও ঝাড়-ফানুসের কথা বলা হয়েছে।
৩. "দূর বাশ্, খুশ বাশ্।"—
কথাটি কোন ভাষায় লেখা? অর্থ কী?
উত্তর: কথাটি ফারসি
ভাষায় লেখা। এর অর্থ হলো— ‘দূরে আছে, ভালোই আছে’।
৪. চিল্কার জলের রং কেমন এবং কেন তা এমন হয়েছে?
উত্তর: চিল্কার জলের রং নীলফুরি। একদিকে হ্রদ ও অন্যদিকে সমুদ্রের
সঙ্গে যুক্ত বলে সাদা ও নীলে মিশে এমন রং হয়েছে।
৫. চিল্কার দেবী কালীমার দ্বীপ সম্পর্কে লেখকের ভাগনি কৃষ্ণা কী বলেছিল?
উত্তর: কৃষ্ণা বলেছিল যে, কালীমার
দ্বীপে কোনো জল বা ঘাস নেই; লেখকের টাকের মতো সবকিছু খাঁ-খাঁ করছে।
প্রসঙ্গ নির্দেশপূর্বক কম-বেশি ৬০টি শব্দে
উত্তর দাও :
১. চিল্কার বড় দ্বীপটির যে পরিবেশ তার
বর্ণনা দাও।
উত্তর: সৈয়দ মুজতবা
আলীর ‘চিল্কা’ রচনায় চিল্কার বড়ো দ্বীপ পারিকুদের পরিবেশের বর্ণনা রয়েছে। ডাঙা থেকে
মাইল আষ্টেক দূরের এই দ্বীপে নেমে লেখকের মনে হয়েছে এটি যেন পুব-বাংলার পাড়াগাঁ। রাস্তার
ওপর সাদা ধুলো, দু-পাশে মাটি তোলার ফলে তৈরি ডোবার সারিতে ছোটো ছোটো শ্বেতপদ্ম ও রক্তপদ্ম
ফুটে রয়েছে। সেখানে মাছরাঙা ওড়াউড়ি করে, এক পায়ে ধ্যানমগ্ন বক দাঁড়িয়ে থাকে এবং মোষেরা
জলে গলা ডুবিয়ে মাথা নাড়ে। তবে পুব-বাংলার মতো এখানকার জমি উর্বর নয়, তাই খেতখামারের
চিহ্ন কম।
২. “বড়োলাট গেছেন বরোদায় পাখি শিকারে।“—
শিকারের বর্ণনা দাও।
উত্তর: ‘চিল্কা’ রচনায়
পারিকুদের রাজার ব্যর্থ পাখি শিকার দেখে লেখকের বরোদার বড়োলাটের শিকারের গল্প মনে পড়ে
যায়। বড়োলাট একবার ওস্তাদ শিকারি রহমৎ মিয়াকে সঙ্গে নিয়ে বরোদায় পাখি শিকারে গিয়েছিলেন।
সন্ধ্যায় ওস্তাদ বাড়ি ফিরলে বাচ্চা শিকারিরা আগ্রহভরে বড়োলাট সাহেবের নিশানা কেমন ছিল
তা জানতে চায়। ওস্তাদ প্রথমে চুপ থাকলেও পরে চাপে পড়ে জানান যে, বড়োলাটের মতো শিকারি
হয় না এবং তাঁর তাগ আশ্চর্যরকম, তবে সেদিন খুদাতালা পাখিদের প্রতি সদয় ছিলেন। অর্থাৎ,
বড়োলাট একটিও পাখি মারতে পারেননি।
৩. চিল্কার ছোটো ছোটো দ্বীপের বাসিন্দাদের
জীবনযাত্রা কেমন?
উত্তর: ‘চিল্কা’ রচনায়
লেখক চিল্কার অসংখ্য ছোটো ছোটো দ্বীপের গরিব জেলেদের জীবনযাত্রার পরিচয় দিয়েছেন। ডাঙার
সঙ্গে এদের কোনো যোগসূত্র নেই; এখানে পোস্টঅফিস বা টেলিগ্রাফের ব্যবস্থাও নেই। আদিমকাল
থেকে এরা দ্বীপবাসী এবং দু-হাজার বছর আগে যেসব যন্ত্রপাতি দিয়ে মাছ ধরত, আজও তাই দিয়েই
মাছ ধরে। সভ্যতার শ্রীবৃদ্ধি বা বিজ্ঞানের প্রসার এদের কোনো কাজে লাগেনি। লেখকের মতে,
আধুনিক সভ্যতার আওতায় না এসে এরা হয়তো দূরে থেকেই ভালো আছে।
৪. আকাশ থেকে ঝাঁক বেঁধে পাখিদের নেমে
আসার দৃশ্যটি লেখক কীভাবে বর্ণনা করেছেন?
উত্তর: ‘চিল্কা’ রচনায়
লেখক সাইবেরিয়া ও হিমালয় থেকে আসা লক্ষ লক্ষ পরিযায়ী পাখির অপরূপ দৃশ্য বর্ণনা করেছেন।
এদের পিঠের রং কালো আর বুকের রং সাদা। তাই তারা যখন হ্রদের জলে বসে থাকে, তখন তাদের
নীল চোখের ‘কৃষ্ণাঞ্জন’ বলে মনে হয়। আবার যখন তারা আকাশে উড়ে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে
জলের দিকে নেমে আসে, তখন মনে হয় কেউ যেন আকাশ ছেয়ে শুভ্র মল্লিকার পাপড়ি বর্ষণ করছে,
যা বিলেতের বরফ-বর্ষণকেও হার মানায়।
৫. চিল্কার সূর্যাস্তের বর্ণনা দাও।
উত্তর: ‘চিল্কা’ রচনায়
লেখক চিল্কার সংক্ষিপ্ত অথচ অপূর্ব সূর্যাস্তের চিত্র এঁকেছেন। সূর্যাস্তের সময় পশ্চিমের
আকাশ টুকটুকে লাল হয়ে ওঠে। লেখকের কল্পনায়, আকাশ যেন প্রথমে তাঁর নীল কপালের সিঁথিতে
একফালি সিঁদুর মেখেছিলেন, তারপর তাঁর খোকা কচি হাতের এলোপাতাড়ি থাবড়া দিয়ে এখানে-ওখানে
খাবলা খাবলা সিঁদুর লাগিয়ে দিয়েছে, আর শেষে মা সমস্ত মাথায় সিঁদুর মেখে নিয়েছেন। আকাশের
সেই লাল আর জলের নীল মিশে গিয়ে চিল্কার জল বেগুনি বর্ণ ধারণ করে।
কম-বেশি ১৫০ শব্দে উত্তর দাও :
১. চিল্কা রচনায় লেখক রাত্রির রূপের
যে বর্ণনা দিয়েছেন তা পাঠ্যাংশ অনুসরণ করে নিজের ভাষায় লেখ।
উত্তর: সৈয়দ মুজতবা
আলীর ‘চিল্কা’ ভ্রমণকাহিনিতে সাতপাড়া দ্বীপে কাটানো রাত্রির এক অনবদ্য ও কাব্যিক বর্ণনা
পাওয়া যায়। আধা আলো-অন্ধকারে লেখক সাতপাড়া দ্বীপের আমবাগানের ভিতর ছোটো ডাকবাংলোয় পৌঁছান।
সারাদিনের ক্লান্তিতে চিল্কার তাজা মাছভাজা খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।
শেষ রাত্রে তাঁর ঘুম ভাঙলে তিনি প্রকৃতির
এক মায়াবী রূপ প্রত্যক্ষ করেন। তাঁর মনে হয়, তাঁর অজান্তেই যেন বাতিওয়ালারা এসে আকাশের
ফরাশে এখানে-ওখানে অসংখ্য তারার মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছে। প্রকৃতিতে যেন শেষ রাত্রের
‘মুশায়েরা’ বা কাব্যজলসার আসর বসেছে। সেই আসরে আমগাছেরা মাথা দোলাবে, ঝিঁঝিঁ পোকারা
নূপুর বাজাবে এবং পুবের স্নিগ্ধ বাতাস মজলিসের সর্বাঙ্গে গোলাপ-জল ছিটিয়ে পরিবেশকে
ঠান্ডা করে দেবে।
এরপর দূর সাগরের ওপারে লাল মদের ভাঁড়
থেকে যেন চাঁদ ধীরে ধীরে গা টেনে টেনে আকাশে উঠে এলেন। চাঁদের আলোয় সকলের মুখে হাসি
ফুটল এবং অন্ধকার আকাশে যেসব মোসাহেবরা এতক্ষণ গা-ঢাকা দিয়েছিল, তাদেরও চেনা গেল। প্রকৃতির
এই অপরূপ নৈশ-জলসা দেখতে দেখতে ছোটো বাচ্চারা যেমন মুশায়েরার মাঝখানে ঘুমিয়ে পড়ে, লেখকও
তেমনই এক প্রশান্তি নিয়ে আবার ঘুমিয়ে পড়েন।
২. "কত রকমের নীল রং দেখছি।"—
বিভিন্ন রকমের নীলের বর্ণনা লেখক যেভাবে দিয়েছেন তা লেখ।
উত্তর: সৈয়দ মুজতবা
আলীর ‘চিল্কা’ রচনায় মধ্যাহ্নের চিল্কায় নীলের বিচিত্র ও অদ্ভুত সমারোহের বর্ণনা রয়েছে।
সূর্য যখন মধ্যগগনে এবং লঞ্চ সমুদ্রের সঙ্গমের দিকে এগোচ্ছে, তখন পূর্বদিগন্ত বাষ্প-নৃত্যে
ঝাপসা হয়ে থাকায় লেখক পশ্চিমমুখো হয়ে ডাঙার দিকে তাকিয়ে বসেন। তখন তাঁর চোখে ধরা পড়ে
নীলের নানা স্তর।
দুপুর-রোদে চিল্কা হ্রদের জল হয়ে গিয়েছে
অতি হালকা ফিকে নীল। হ্রদের পাড়ে অবস্থিত গ্রামের গাছপালা এমনিতে ঘন সবুজ হওয়ার কথা,
কিন্তু দূর থেকে তা হ্রদের জলের চেয়ে একটুখানি ঘনতর নীল দেখাচ্ছে। গ্রামের পিছনের পাহাড়ের
রং আরও একটু বেশি ঘন নীল এবং সর্বশেষে পাহাড়ের পিছনের আকাশ ঘোর নীল। গাছপালা ও পাহাড়ের
সবুজ রং কীভাবে নীলের ছোপ মেখে নিল তা ভেবে লেখক বিস্মিত হন। তাঁর মনে হয়, দীর্ঘ নীল
বিস্তৃতি যেন তাঁর চোখে নীল চশমা পরিয়ে দিয়েছে।
লেখকের কাছে এই দৃশ্যটিকে এক জাদুকরের
ভেলকিবাজি বলে মনে হয়। ম্যাজিশিয়ানরা যেমন এক প্যাক তাস ছেড়ে দিলে তা ভাঁজে ভাঁজে নেমে
আসে, তেমনই কোনো জাদুকর যেন আকাশ, পাহাড়, বন ও জল—এই চারখানা তাস জুড়ে দিয়ে কেবল নীলের
ভিন্ন ভিন্ন আভাস দিয়ে এক অপূর্ব মায়া সৃষ্টি করেছেন।
৩. চিল্কার শেষ সকাল এবং লেখকের ফিরে
আসার অনুভূতির বর্ণনা দাও।
উত্তর: সৈয়দ মুজতবা
আলীর ‘চিল্কা’ রচনার শেষে প্রকৃতির অপার সৌন্দর্য ছেড়ে বাস্তব জীবনের রুক্ষতায় ফিরে
আসার এক বিষাদময় ছবি ফুটে উঠেছে। সাতপাড়া দ্বীপের ডাকবাংলোয় শেষ রাত্রের মায়াবী চাঁদ
ও তারার মুশায়েরা উপভোগ করার পর ভোর হয়। কিন্তু এই ভোর লেখকের মনে কোনো আনন্দ আনতে
পারেনি, কারণ সেদিনই ছিল তাঁর ছুটির শেষ দিন।
আপিসের কাজের কথা মনে পড়তেই লেখকের সর্বাঙ্গ
হিম হয়ে যায়। লঞ্চে উঠে তিনি পাড়ের দিকে রওনা দেন। সেই সকালেও চিল্কার বুকে অনেক নবীন
সৌন্দর্য ফুটে উঠেছিল, কিন্তু আপিসের ‘জুজু’ বা ভয় তাঁর পঞ্চেন্দ্রিয়কে সম্পূর্ণ অসাড়
করে দিয়েছিল। ফলে আগের দিনের মতো আর কোনো রূপ-রস তাঁর মনকে স্পর্শ করতে পারেনি। অবশেষে
যেন ডুবসাঁতার দিয়ে ডাঙায় পৌঁছে, নিজের আপিস আর অদৃষ্টকে অভিসম্পাত দিতে দিতে তিনি
কটকে ফিরে আসেন। এভাবেই আনন্দময় ভ্রমণের শেষে কর্মজীবনের শৃঙ্খলে ফিরে আসার চিরন্তন
বেদনা রচনাটির সমাপ্তিতে ধরা পড়েছে।
কম-বেশি ২০০ শব্দে উত্তর দাও :
১. "গোটা পাঁচেক পাখি দাও না, মা!"—
চিল্কার দেবীর কাছে লেখক কীভাবে পাখি চেয়েছিলেন? এই সম্পর্কে ইরানি গল্পটি লেখ। দ্বীপের
রাজার পাখি শিকারের বর্ণনা দাও। (২+২+৩)
উত্তর: চিল্কার
দেবীর কাছে লেখকের প্রার্থনা: সৈয়দ মুজতবা আলীর ‘চিল্কা’ রচনায় লেখক স্বীকার করেছেন
যে, কাব্যরসের পাশাপাশি তিনি খাদ্যরসেরও সন্ধানী। চিল্কার পরিযায়ী পাখির মাংসের স্বাদ
তিনি আগেই দেশে চেখেছিলেন, তাই আবার লোভ হলো। সঙ্গে বন্দুক হাতে পারিকুদের রাজা ছিলেন।
তাঁর বন্দুকের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে লেখক মনে মনে চিল্কার দেবী কালীমাকে
স্মরণ করে বললেন, “গোটা পাঁচেক পাখি দাও না, মা!” পরক্ষণেই তাঁর মনে হলো এত বেশি চাওয়া
ঠিক নয়, দেবীকে দেখাতে হবে তিনি অল্পেই সন্তুষ্ট। তাই আবার বললেন, “আচ্ছা, না হয়, পাঁচটা
না-ই বা দিলে। গোটা দুত্তিন দিলেই হবে। আমার খাঁই মাইজী বড্ডই কম।”
ইরানি গল্পটি: নিজের এই প্রার্থনা শুনে লেখকের একটি ইরানি গল্প মনে পড়ে যায়। এক ইরানি দরবেশ ভগবানকে বলেছিলেন, “হে আল্লাতালা, আমাকে হাজার পঁচিশের তুমান দাও। আমি তোমার কিরে কেটে বলছি, তার থেকে পাঁচ হাজার তুমান গরিব-দুঃখীদের ভিতর দান-খয়রাত করে বিলোব।” এরপর ভগবান তাঁকে বিশ্বাস করছেন না ভেবে তিনি বলেন, “আচ্ছা, তা হলে তোমার পাঁচ হাজার তুমান কেটে নিয়ে আমাকে বিশ হাজারই দাও।”
দ্বীপের রাজার পাখি শিকার: সূর্যাস্তের পর দু-এক ঝাঁক পাখি দেখে লেখক পারিকুদের রাজাকে দু-একটা পাখি মারতে বললেন। কিন্তু রাজার ছিল ভারী রাজকীয় চাল। পাখি দেখলে তিনি ধীরেসুস্থে চাকরকে বলেন, ‘বন্দুকো’। চাকরটিও যেন রাজার রাজা; তার চাল আরও ভারিক্কি। সে আরও ধীরেসুস্থে কেস খুলে বন্দুক এগিয়ে দেয়। এরপর রাজা গদাইলস্করী চালে বন্দুক জোড়া লাগিয়ে বলেন, ‘কার্তুজো’। এভাবে সবকিছু তৈরি হতে হতে পাখিরা ততক্ষণে সাইবেরিয়ায় উড়ে চলে যায়। তবু ভদ্রতার খাতিরে রাজা দু-একটা গুলি ছোড়েন, কিন্তু তার ফল হয় শূন্য।
২. "আমার মনে আর কোনো ক্ষোভ রইল
না।"— কোন রচনার অংশ ও রচনাটি কার লেখা? লেখক কোন ক্ষোভের কথা বলেছেন? এই রচনায়
লেখক ফুল ফোটা বিষয়টির সাথে যেভাবে সূর্য ওঠার সৌন্দর্যের তুলনা করেছেন তা লেখ। (১+১+৫)
উত্তর: উৎস ও লেখক:
উদ্ধৃত অংশটি সৈয়দ মুজতবা আলীর লেখা ‘চিল্কা’ রচনার অন্তর্গত।
লেখকের ক্ষোভ: সন্ধ্যাবেলা গোলাপের কুঁড়ি ও সকালবেলা তার ফুটে ওঠা দেখে লেখকের মনে হয়েছিল, এই পরিবর্তনের মাঝখানে আরও কত সৌন্দর্য লুকিয়ে আছে। কিন্তু ফুল এত ধীরে ধীরে ফোটে যে, সারারাত জেগে থাকলেও তার ক্রমবিকাশের ভিন্ন ভিন্ন রূপ চোখে পড়ে না। এই দৃশ্য দেখতে না পারার ক্ষোভের কথাই লেখক এখানে বলেছেন।
ফুল ফোটা ও সূর্যোদয়ের তুলনা: চিল্কার পারে এসে ভগবান লেখকের সেই ক্ষোভ ঘুচিয়ে দেন। অতি ভোরে সার্কিট-হাউসের দরজা খুলে পুব আকাশে তাকিয়ে লেখকের মনে হলো, সেটি যেন তাঁর বাগানেরই সেই গোলাপ-কুঁড়ি, শুধু এর রং একটু বেশি লালচে। চিল্কার বিস্তীর্ণ জলের ওপর সূর্যের আভা দেখে মনে হলো যেন এক ফালি সিঁথির সিঁদুর। অপলক দৃষ্টিতে তিনি দেখলেন সেই সূর্যরূপী গোলাপ-কুঁড়িটি ফুটতে শুরু করেছে। তবে এর পাপড়ির আকার অন্যরকম—সোজা ও ধারালো তলোয়ারের মতো এক-একটি সূর্যরশ্মি দিগ্বলয়ের আড়াল থেকে পূর্ব আকাশে ধেয়ে উঠছে। অসংখ্য রশ্মি অর্ধচক্রাকারে আকাশ ছেয়ে ফেলেছে, আর আকাশের লাল রং কমে এসে চিল্কার জল গোলাপি হয়ে শেষে নীলাম্বরী পরতে শুরু করেছে।
এরপর সবিতা বা সূর্য স্বপ্রকাশ হলেন। আলোয় আলোয় সমস্ত পাণ্ডুরতা ও হিমানীর গ্লানি ঘুচে গেল। সূর্য তাঁর ধেয়ে-ওঠা রশ্মিরাজি সংহরণ করে পূর্ণ মহিমায় একাই আকাশে দাঁড়িয়ে রইলেন। লেখকের চোখের সামনেই যেন তাঁর বাগানের গোলাপ-কুঁড়িটি সম্পূর্ণ ফুটে উঠল। এর কিছুই তাঁর চোখ এড়িয়ে গেল না। তবে এই সূর্যোদয় গোলাপ ফোটার চেয়ে লক্ষ গুণে গম্ভীর এবং এর ব্যাপ্তি সমগ্র বিশ্ব-চরাচর জুড়ে। এই অপূর্ব বিকাশ প্রাণভরে দেখে লেখকের মনের সমস্ত ক্ষোভ দূর হয়ে গেল।
